গাজীপুরের জয়দেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা বাঘের বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ দল শিরিরচালা এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের পেছনের সিটে বসা সন্দেহভাজন মো. এমদাদুল হককে (৩৬) আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত এমদাদুল দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আন্তঃজেলা মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনআই