জাটকা ইলিশ রক্ষায় দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার (৪ মার্চ) মেঘনা নদীর অভয়াশ্রম ও এর শাখা নদীগুলোতে দিনভর অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে হিজলা উপজেলার জ্যেষ্ঠ (সিনিয়র) মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাটকা রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা নদী থেকে ৫৫ হাজার মিটার কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল আটক জেলেদের মোট ৪১ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ১৭ জনকে ২ হাজার টাকা করে এবং বাকি ৭ জনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধ ও মুচলেকা নিয়ে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত হিজলা উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জরিমানা পাওয়া জেলেরা হলেন—বশির আকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালী, ফরিদ সরদার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজিব, মো. বাকের ঢালী, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ।
উল্লেখ্য, বরিশালের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং জাটকা নিধন রোধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।
এনআই