চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজামপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মোঃ বেলাল হোসেনের নির্মাণাধীন নতুন বাড়িতে কাজ করছিলেন সাইফুল। কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে পড়ে গেলে তিনি পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের প্রতিবেশী মোঃ নুর নবী জানান, সাইফুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রী শারীরিক প্রতিবন্ধী এবং তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, “মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। আমি বর্তমানে মামলার কাজে কোর্ট বিল্ডিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এসআর