নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিজিয়া বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা শেষে আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রিজিয়া বেগমের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, আবু নাসের, আব্দুল মোতালেব আপেল, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইখা