মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার দায়ে চার ব্যক্তিকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।
এসময় কুচিয়ামাড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির মাটি কাটার সময় এই চারজনকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
এসআর