হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় দিন-রাত প্রকাশ্যে বালু তোলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রঘুনন্দন ছড়ার বিভিন্ন স্থানে ড্রেজার ও শ্রমিকের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু প্রথমে পাশের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়, পরে ট্রাকে করে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি সিন্ডিকেটের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবাদ করলে হুমকি ও হয়রানির আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।
পরিবেশ সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে নদীভাঙন ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে আশপাশের কৃষিজমি ও বসতভিটাও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “রঘুনন্দন ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি যাচাই করছি। খুব শিগগিরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইখা