মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর বাসিন্দা মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সানারুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল, মুরগিসহ নানা জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের তার ও অন্যান্য মালামাল চুরির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ২টার দিকে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালানোর সময় এক মুরগি খামারি তাদের সন্দেহজনকভাবে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করা হয়।
এরপর এলাকায় একাধিক চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠা স্থানীয়রা ওই দুই যুবককে মারধর শুরু করেন। অভিযোগ রয়েছে, রাতভর গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় তাদের ওপর নির্যাতন চালানো হয়।
বুধবার সকাল ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাগর ও সানারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, নিহত দুজনকে এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত করা হতো। তবে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চুরির কোনো মামলা ছিল না।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইখা