জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। একইসঙ্গে ত্রিশালকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা এলাকার মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে প্রশাসনের কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
এনআই