মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা এবং জামায়াত নেতা ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক সেক্রেটারি শফিউল ইসলাম, জামায়াত নেতা আহসানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী ও মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “সংসদ সদস্যের ওপর হামলার চেষ্টা গণতন্ত্রের ওপর চরম আঘাত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এ সময় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
উল্লেখ্য, বুধবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও চোরাচালানবিরোধী সভা চলাকালে হট্টগোলের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, সভার একপর্যায়ে বিএনপির একটি পক্ষ জামায়াত নেতা ও সংসদ সদস্য নাজমুল হুদা এবং জামায়াত সমর্থিত কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করেন।
এনআই